" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

৫ October ২০২৬ Monday ৫:৪৫:৪০ PM

নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালায় এসআরবি-৮-এর একটি দল। অভিযানে মামলার প্রধান আসামি মানিক হাওলাদারকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একাই বসবাস করতেন। ৩ অক্টোবর গভীর রাতে মানিক হাওলাদারসহ ৪ থেকে ৫ জন ব্যক্তি কৌশলে তার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর তারা তাকে জোরপূর্বক গণধর্ষণ করেন এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার পর জেসমিনের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি হিসেবে মানিক হাওলাদারের নাম উল্লেখ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি দায়েরের পর তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-৮ ছায়া তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের পর মাদারীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮ জানিয়েছে, গ্রেফতার মানিক হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।