ধর্ম পালনে সবাই স্বাধীন, সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে
আমাদেরবরিশাল.কম
৫ October ২০২৬ Monday ৬:৪১:২১ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, বাউফলের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি-নীতি ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। ধর্মীয় বিষয়ে সবাইকে উদার ও সহনশীল থাকার আহ্বান জানান তিনি। সোমবার (৫ অক্টোবর) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬৫টি মন্দিরে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু ধর্মীয় বিষয়ে আমরা উদার। যুগ যুগ ধরে বাউফলের মানুষ পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন করে আসছেন। যার যার ধর্ম, সে সে স্বাধীনভাবে পালন করবেন। এ ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’ আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ধর্মীয় উৎসব আপনারা পালন করবেন। প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের নিরাপত্তায় সহযোগিতা করব।’ তিনি আরও বলেন, ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র নাথ রায় এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৫টি মন্দিরের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।