" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভিডিও দেখিয়ে ফায়দা লুটতেন প্রতিবেশী


আমাদেরবরিশাল.কম

৬ October ২০২৬ Tuesday ৬:৫৭:০৮ PM

আমাদের বরিশাল ডেস্ক:

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।এ ঘটনায় করা মামলার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) ও বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।

রোববার (৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। মামলার নম্বর ৪, জিআর ২৮৮/২৬।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন ওই তরুণী। পরে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন।এরপর কামাল খলিফা নানাবাড়ির পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেখানে মা, সৎ বাবা ও ওই তরুণী একসঙ্গে বসবাস করতেন।

এজাহারে তরুণী অভিযোগ করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সৎ বাবা কামাল খলিফা তার সঙ্গে অশোভন আচরণ করতেন। মায়ের অনুপস্থিতিতে তাকে ভয়ভীতি দেখানো হতো। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল সকালে তরুণীর মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা থাকার সুযোগে কামাল খলিফা তাকে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখানো হয়। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একই ধরনের নির্যাতন চালানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ভিডিও ধারণ, এরপর ভয় দেখিয়ে নির্যাতনের অভিযোগ

মামলার এজাহারে আরও বলা হয়েছে, প্রায় তিন মাস আগে কামাল খলিফার আত্মীয় ও পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার ওই ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে বেল্লাল হোসেন ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপরও বিভিন্ন সময়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মায়ের সন্দেহ, এরপরই বেরিয়ে আসে ঘটনা

অভিযুক্ত দুজনের আচরণে সন্দেহ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর মেয়েটিকে নজরদারিতে রাখেন তার মা। ওইদিন সকালে মা বাড়ির বাইরে অবস্থান নেওয়ার পর কামাল খলিফা তরুণীর কক্ষে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়।

বিষয়টি টের পেয়ে মেয়েটির মা সেখানে গিয়ে কামাল খলিফাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান কামাল খলিফা।

পরে মায়ের কাছে দীর্ঘদিনের নির্যাতনের কথা খুলে বলেন ওই তরুণী। এরপর মেয়েকে সঙ্গে নিয়ে থানায় যান তার মা। পরে রোববার থানায় মামলা করেন ভুক্তভোগী।

বরগুনা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।