" />
AmaderBarisal.com Logo

ভান্ডারিয়ায় ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

৮ October ২০২৬ Thursday ১০:১৭:৫৫ PM

ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য এবং শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় সুমন মিয়ার ভাড়া করা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম, রোবো আইস পপ, ভেজাল মধু ও নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার।

এ ছাড়া শিশুদের ভেজাল ড্রিংকস ও জুস তৈরির কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, ম্যাংগো ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রং, বিভিন্ন মেশিনারিজ, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়।

অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি নিজের অপরাধ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

পরে জব্দ করা নকল ও ভেজাল পণ্য ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, নামহীন ওই কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভেজাল ভোগ্যপণ্য ও শিশুখাদ্য তৈরি করে স্থানীয়ভাবে বাজারজাত করা হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।কারখানার মালিককে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।