" />
AmaderBarisal.com Logo

বরিশালে ডোপ টেস্টের ভয়ে থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা


আমাদেরবরিশাল.কম

৯ October ২০২৬ Friday ১২:১৫:৩১ PM

নগর প্রতিনিধি:

বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এএসআই দেলোয়ারকে ডোপ টেস্ট করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সুযোগ বুঝে সে থানা থেকে পালিয়ে গেছে। সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে।

এর আগে বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে আজ বৃহস্পতিবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীসংলগ্ন দক্ষিণ কড়াপুর গ্রামের মিরাজ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩ সহযোগীসহ আটক করে।

অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, মিরাজ হাওলাদারের বাড়িতে মাদক কেনাবেচা, সেবন ও আড্ডা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাড়িটি ঘেরাও করেন। পরে স্থানীয় লোকজনকে নিয়ে তারা নির্দিষ্ট ঘরের মধ্যে যান। ঘরের মধ্যে থেকে এএসআই দেলোয়ার ও ১ নারীসহ ৪ জনকে আটক করা হয়। সেখান থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের মধ্যে এএসআই দেলোয়ার ছাড়া অন্যরা হচ্ছে ওই বাড়ির মো. মিরাজুল ইসলাম (৩৪), বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬) ও নগরীর পলাশপুর এলাকার এক নারী (৩০)।

পরিদর্শক জাহিদুল আরও বলেন, অভিযানের সময় দেলোয়ার টিনের ওপর লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেছিল। তাকে আটকের পর পরিচয় জানতে পেরে বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়। থানার পরিদর্শক শাহাবুদ্দিন ঘটনাস্থলে গেলে দেলোয়ারকে তাঁর জিম্মায় দেওয়া হয় এবং অন্যদের আটক করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।