![]() নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ
৯ October ২০২৬ Friday ৫:০৩:৪২ PM
নগর প্রতিনিধি: ![]() নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে আয়োজিত এ সমাবেশ থেকে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানানো হয়। ওই হামলায় বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য কমরেড দুলাল মল্লিক। সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিলে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। অথচ বিএনপি সরকার জনগণকে অন্ধকারে রেখে ৮ অক্টোবর লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়েছে। বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ পরিচালিত হয়। এর মধ্যে নিউমুরিং টার্মিনাল দিয়ে ৫৫ শতাংশ কনটেইনার ওঠানামা করে। তাঁদের মতে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। পাঁচ বছর ধরে এ টার্মিনালে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এবং ধারাবাহিকভাবে রাজস্ব আয় বেড়েছে। তাঁরা অভিযোগ করেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পর্কের কারণে টার্মিনালটি ইজারা দেওয়া হলে সেখানে মার্কিন রণতরি ভেড়ানোর সুযোগ তৈরি হতে পারে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ আশঙ্কা থেকেই ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচি থেকে চুক্তি না করার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সদস্য রেজওয়ান হোসেন সিয়াম; বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন দিদার; রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আইয়ুব আলী তালুকদার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার। বক্তারা ঢাকায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

