![]() ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মেঘনায় অভিযানে জেলেদের হামলা, কোস্ট গার্ডের গুলি
১০ October ২০২৬ Saturday ১:০৩:৩৩ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চরজানপুর এলাকার মেঘনা নদীর ৭ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টাকারী একদল জেলে সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে জেলেদের তৎপরতা তেমন দেখা না গেলেও দ্বিতীয় দিনে কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করেন। ইতিমধ্যে নৌ পুলিশের অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আটটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কোস্ট গার্ডের ওপর হামলা ও উত্তেজনার বিষয়ে মাহফুজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, কোস্ট গার্ড ও জেলেদের মধ্যে উত্তেজনার বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হিজলা নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

