" />
AmaderBarisal.com Logo

টিকটকে ‘সেনাসদস্য’ পরিচয়ে প্রেম, কুয়াকাটার হোটেল থেকে জেলে আটক


আমাদেরবরিশাল.কম

১০ October ২০২৬ Saturday ১:৪৯:৩৬ PM

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় টিকটকে নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জলিল কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন জেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকে সেনাবাহিনীর পোশাক পরা ছবি ব্যবহার করে নিজেকে সেনাসদস্য পরিচয় দিতেন জলিল। এ পরিচয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি বাগেরহাটের এক তরুণীর সঙ্গেও একইভাবে সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে ওই তরুণীকে কুয়াকাটায় নিয়ে আসেন।

বিষয়টি জানতে পেরে তরুণীর পরিবারের সদস্যরা কুয়াকাটায় এসে তাদের অবস্থান শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে বুধবার সন্ধ্যায় হোটেল মারওয়া থেকে জলিলকে আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে জলিল তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানার পর তারা খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে জলিল তার মেয়েকে কুয়াকাটায় নিয়ে এলে তারাও সেখানে আসেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, জলিল সেনাসদস্য নন, তিনি পেশায় একজন জেলে।

এদিকে জলিলের স্ত্রীও তার বিরুদ্ধে একাধিক তরুণীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ করেছেন। তার দাবি, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন জলিল।

হোটেল মারওয়ার ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হোটেলের এক কর্মীর মাধ্যমে জলিল একটি কক্ষ বুকিং দেন। হোটেলের নিয়ম অনুযায়ী তাদের প্রবেশ করতে দেওয়া হয়। পরে সন্ধ্যায় পুলিশ এসে জলিলকে আটক করে। তখন তারা জানতে পারেন, সেনাসদস্য পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, হোটেল মারওয়া থেকে জলিলকে আটক করা হয়। নিজেকে সেনাবাহিনীর সদস্য ও কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এর আগেও একই ধরনের আরও দুটি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তার স্ত্রীও সাক্ষ্য দিয়েছেন।

তিনি বলেন, নিজেকে সরকারি কর্মকর্তা বা সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।