![]() বেতাগীতে শেষ মুহূর্তে রং-তুলির টানে ব্যস্ত শিল্পীরা
১০ October ২০২৬ Saturday ৬:৫৯:৪৩ PM
বেতাগী ((বরগুনা) প্রতিনিধি: ![]() প্রকৃতিতে কাশফুলের পরশে মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য সঞ্চারিত করছে শরতের আকাশ। কার্তিকের প্রথম সপ্তাহে সনাতনীদের দুর্গোৎসবে মাতবে পূজামণ্ডপ। বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন দুর্গা পূজামণ্ডপে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে প্রতিমা প্রস্তুতে। শনিবার (১০ অক্টোবর) সকালে মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর বেতাগীতে তিনটি বেড়ে মোট ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশুদ্ধ সনাতন দিনপঞ্জিকা অনুসারে, এ বছর দুর্গাদেবী ১৭ অক্টোবর মহাসপ্তমী তিথিতে মর্ত্যে আসবেন ঘোড়ায় চড়ে।আর ২১ অক্টোবর দশমী (বিজয়া দশমী) তিথিতে কৈলাশে ফিরে যাবেন নৌকাযোগে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত দশমী তিথি। ওই দিন প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে সনাতনীদের বৃহত্তম ধর্মীয় উৎসব। সরেজমিন উপজেলার পাড়া-মহল্লায় বিভিন্ন মণ্ডপে প্রতিমা গড়ার কাজে দিনরাত ব্যস্ততার মধ্যে পার করছেন শিল্পীরা। শিল্পীরা তাদের নিপুণ হাতে কাঠ, বাঁশ, বন ও মাটি দিয়ে গড়ছেন প্রতিমা। মণ্ডপে মণ্ডপে গড়া হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিকের মূর্তি। এ ছাড়া মহিষাসুর, দুর্গার বাহন সিংহ, লক্ষ্মীদেবীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন রাজহাঁস, গণেশের বাহন ইঁদুর ও কার্তিকের বাহন ময়ুরসহ বিভিন্ন প্রতিমা গড়া হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার- এ বিশ্বাসে সব মিলিয়ে এবারের পূজায়ও কোনো কমতি থাকবে না বলে জানান আয়োজকরা। এদিকে, পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে পূজা উদযাপন কমিটির নেতাদের। আবার পূজা উদযাপন পরিষদ থেকেও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলার বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ-পূর্বপাড়া সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি স্বপন কুমার সিকদার বলেন, ‘প্রতিমা কারিগররা মাটির কাজ শেষ করে শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে চলছে রং-তুলির কাজ।’ বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার বলেন, ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে মণ্ডপগুলো প্রতিমা গড়ার কাজের চূড়ান্ত পর্যায় পার করছে শিল্পীরা। দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর মণ্ডপের সংখ্যা বেড়েছে তিনটি।’ বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, ‘ইতিমধ্যে আইন-শৃঙ্খলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

