" />
AmaderBarisal.com Logo

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা


আমাদেরবরিশাল.কম

১২ October ২০২৬ Monday ৮:২৪:৪৩ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র- দেশের বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দাদের সতর্ক করতে ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মাইকিং, সংবাদ সম্মেলন এবং জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের নামে কাউকে কোনো ধরনের টাকা-পয়সা দেওয়া যাবে না। একই সঙ্গে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদেরও কোনো ধরনের সুবিধা বা আপ্যায়ন গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা দুইটায় বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, কেউ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাইলে তাতে সাড়া দেওয়া যাবে না। জেনেশুনে কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে ইউএনও বলেন, আপনারা কোনো ধরনের সুবিধা গ্রহণ কিংবা আপ্যায়ন গ্রহণ করবেন না। সঠিক তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে কেউ চাপ প্রয়োগ করলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।

তিনি আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র শাহা এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন সিকদার।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সাংবাদিক, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।