![]() জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক
১৪ October ২০২৬ Wednesday ৭:৫২:৩৫ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে জাতীয় পার্টির আরও চার নেতাকে আটক করা হয়। আটক অন্য চার নেতা হলেন—জাতীয় পার্টির জেলা সদস্যসচিব অ্যাডভোকেট জলিল, মহানগর যুগ্ম আহ্বায়ক ফোরকান তালুকদার, জেলা শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর ফকির এবং তরুণ পার্টির মহানগর সভাপতি জুম্মান হায়দার। জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের জেলা সদস্য মেহেদী হাসান শুভ বলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে বিকেল ৩টার দিকে বরিশাল নগরের জেলা পরিষদের সামনে দলের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় পুলিশ এসে কর্মসূচি পালন করা যাবে না বলে জানায়। মেহেদী হাসান শুভর ভাষ্য, পরে উদ্ভূত পরিস্থিতিতে নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলসহ নেতা-কর্মীরা লঞ্চঘাটসংলগ্ন চট্টগ্রাম হোটেলে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে সেখান থেকে অধ্যক্ষ হাবুলকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে থানায় গিয়ে আরও কয়েকজন নেতা আটক হন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর সদস্যসচিব ইকবাল হোসেন তাপস বলেন, পুলিশ কর্মসূচি পালন করতে দেয়নি। দেশে বাক্স্বাধীনতা নেই। অধ্যক্ষ হাবুলের সঙ্গে দেখা করতে থানায় গেলে আরও চার নেতাকে আটক করা হয়। এ ধরনের কর্মকাণ্ড ন্যক্কারজনক। জাতীয় পার্টি এর নিন্দা জানায়। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজ সন্ধ্যায় বলেন, আটক জাতীয় পার্টির নেতাদের এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগতে পারে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

