" />
AmaderBarisal.com Logo

আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা


আমাদেরবরিশাল.কম

১৪ October ২০২৬ Wednesday ১১:০৫:৫৫ PM

নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে অত্মহত্যার চেষ্টাকারী এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পেয়েছে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে অত্মহত্যার চেষ্টাকারী সেই তরুণীসহ তিনজনকে আটক করেছে তারা।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে একজন প্রতিবন্ধী বলে জানা গেছে।

আটকরা হলেন- ঝিনাইদহ মহেশপুর বাগদিয়া রাইড এলাকার কালাম হোসেনের কন্যা শামিমা খাতুন (২২), গাইবান্ধার শিবপুর সাহপাড়ার ভোলা শেখের কন্যা জান্নাত আক্তার (২২) ও নোয়াখালীর কবিরহাট এলাকার আবুল কালামের ছেলে ও বরিশাল নগরীর কালুখান সড়কের ভাড়াটিয়া আব্দুল্লাহ আল ফারুক (৩১)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ কালুখান সড়কে মিজানের ভাড়া বাসায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভাড়া বাসার একটি কক্ষে এক যুবক ও দুই তরুণী অবস্থান করছে।

এর মধ্যে এক তরুণী কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তখন পুলিশ বাসায় ঢুকে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় তাদের কথায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট খুঁজে পায় পুলিশ। পরে তিনজনকেই আটক করা হয়।

ওসি আরও জানান, দুই তরুণী গত সোমবার (১৩ অক্টোবর) ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীতে মিজানের বাসায় এসেছে। মিজান একজন মাদক বিক্রেতা। তিনি ইয়াবা এনে নগরীর মাদকসেবীদের কাছে খুচরা মূল্যে বিক্রি করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।