" />
AmaderBarisal.com Logo

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক


আমাদেরবরিশাল.কম

১৭ October ২০২৬ Saturday ৬:৪০:০৫ PM

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করবেই।’

আজ শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটরিয়ামে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নুরুল হক এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, বর্তমান সরকার ৭ মাসে জনগণের আশা-প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য সরকারের কাছে আলাদাভাবে আবেদন করতে হয়নি। এর আগেই সরকার উপজেলা পর্যায়ের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও পুলিশ মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা টহলের ব্যবস্থা করেছে। এ ছাড়া পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

নুরুল হক আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চাইতে হয় না। তিনি জনগণের মনের কথা বোঝেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে কুৎসা রটিয়ে কোনো ফায়দা হবে না। লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য গঠিত এই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। সরকার দেশ ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, থানার ওসি আতিকুল ইসলাম, ঢাকা মহানগর গণ অধিকার পরিষদের উত্তর শাখার সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চাইত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, গণ অধিকার পরিষদের সভাপতি আলতাফ আকন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামিম খান এবং যুবঅধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।