" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম


আমাদেরবরিশাল.কম

১৮ October ২০২৬ Sunday ৩:১১:৩২ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের এক প্রকৌশলী ও এক জ্যেষ্ঠ লাইনম্যানকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গম ইউনিয়ন কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রাসেল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালিশুরী পল্লী বিদ্যুতের সাবস্টেশনের প্রকৌশলী গোলাম আযম খান ও লাইনম্যান গ্রেড-১ মো. রানা।

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার দুপুরে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে তারা কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রাসেল মেম্বার, অটোচালক জাহিদ হোসেন রাঢ়ীর বাড়িসহ তিনজনের বাড়িতে যান। প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রথমে জাহিদ হোসেন রাঢ়ীর বাড়ির বিদ্যুৎ সংযোগ খুঁটি থেকে বিচ্ছিন্ন করা হয়। এরপর তারা পাশের রাসেল মেম্বারের বাড়িতে যান।

এ সময় অটোচালক জাহিদ হোসেন রাঢ়ীর নেতৃত্বে ৪/৫ জন কাঠের রোলার ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও ঘুষি মেরে আহত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাদের একটি মোটরসাইকেলের চাবি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন আহত দুই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

কালিশুরী পল্লী বিদ্যুতের সাবস্টেশনের এজিএম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আহত প্রকৌশলী গোলাম আযম খান বলেন, ‘বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে আমরা দুজন আহত হয়েছি।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল বিকালে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।