![]() ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: গণপূর্ত প্রতিমন্ত্রী
১৯ October ২০২৬ Monday ৪:৫২:৫৬ PM
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: ![]() ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত পূজামণ্ডপগুলোর জন্য বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে সব ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগ করার সমান অধিকার রয়েছে।’ দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে প্রতিটি পূজামণ্ডপে যেন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকেও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা দেখলে নির্ভয়ে প্রশাসনকে কিংবা সরাসরি আমাকে জানান। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার জগলুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, উপজেলা যুবদল সদস্যসচিব মো. শামিম হাওলাদার ও অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সব পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

