" />
AmaderBarisal.com Logo

মনপুরায় ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

২২ October ২০২৬ Thursday ৭:৪২:৫৯ PM

মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টায় ডাকবাংলো মোড় এলাকায় অবস্থিত ওজোপাডিকোর কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

কর্মসূচি শেষে ব্যবসায়ীরা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তারা ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন। এতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। অন্যথায় বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবিও জানান ব্যবসায়ীরা।

জানা গেছে, মনপুরায় পাওয়ার হাউজের জেনারেটরের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। তবে গত কয়েক মাস ধরে মেশিন নষ্ট থাকার অজুহাতে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী ও গ্রাহকদের। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। এর আগে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ওই কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।

হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, দিনে বিদ্যুৎ পাওয়া যায় না, রাতে মেলে মাত্র এক ঘণ্টা। এতে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতির প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান না করলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলাম বলেন, আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।