" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জের মেয়ে শিক্ষিকা ডালিয়া আক্তার সুমার মর্মান্তিক মৃত্যু, ঢাকার নিজ ফ্ল্যাটে মিলল গলাকাটা মরদেহ!


আমাদেরবরিশাল.কম

২৪ October ২০২৬ Saturday ১২:০৪:০২ AM

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকায় সোনালী ব্যাংকের ওপরের তৃতীয় তলায় অবস্থিত তাঁর নিজস্ব ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ডালিয়া আক্তার সুমা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানবাড়িয়া গ্রামের আবদুল মজিদ সিকদারের চতুর্থ কন্যা। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডালিয়া আক্তার সুমার গলাকাটা মরদেহ তাঁর নিজ ফ্ল্যাটে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন ডালিয়া। নদী ও লিজা নামে তাঁর দুই মেয়ে রয়েছেন। তাঁদের বিয়ে হওয়ায় তাঁরা নিজ নিজ স্বামীর সঙ্গে বসবাস করছেন।

নিহতের মেয়ে লিজার দাবি, তাঁর মাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

মেহেন্দিগঞ্জের পানবাড়িয়া গ্রামের মেয়ে ডালিয়া আক্তার সুমার এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে জানা যাবে। পুলিশি তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।