" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা : গ্রেপ্তার ৯, আসামিদের বাড়িতে আগুন


আমাদেরবরিশাল.কম

২৪ October ২০২৬ Saturday ১০:৩৬:৩৮ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কাওসার হাওলাদার উজিরপুর উপজেলার সাতলার আলামদী গ্রামের বাসিন্দা মোনাসেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।

এ ঘটনায় তার বড় ভাই মোস্তফা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।আজ শনিবার রাত ৮টার দিকে গ্রেপ্তার আসামিদের বাড়িতে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয়। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত কাউসারকে আভ্যন্তরীণ কোন্দলের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের বড় ভাই মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি রকিবুল জানান, হত্যাকাণ্ডের পর উজিরপুর মডেল থানার একটি বিশেষ দল আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে শরীয়তপুর জেলার পদ্মা সেতু এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজিরপুর উপজেলার আলমদী গ্রামের মো. ফরিদ মোল্লার ছেলে মো. সজল মোল্লা (৩৮) ও মো. শামীম মোল্লা (৩৬), একই এলাকার মো. বারেক মোল্লার ছেলে মো. তারিকুল ইসলাম (৩০), মুলাদী উপজেলার দড়িচর গ্রামের মো. মনির হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩০), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগবাড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে সাগর শেখ (২৬), গোপালগঞ্জ সদর উপজেলার ভূষিদিয়া গ্রামের হাসান শেখের ছেলে মো. হাসিব শেখ (৩০) ও হাবিব শেখ (১৮), বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের মো. মালেক হাওলাদারের ছেলে মো. মাহাবুবুর রহমান (৫০) ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের লোকমান হাকিমের ছেলে মো. শরিফ হোসাইন (৩০)।

গ্রেপ্তার সজল মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাপাতি, কাঠের হাতলযুক্ত একটি ধারাল কুড়াল, কালো স্কচ টেপ দিয়ে পেঁচানো একটি স্টিলের পাইপ এবং আসামিদের পালানোর কাজে ব্যবহৃত হায়েস মাইক্রোবাস।

উজিরপুর থানা সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। 

পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতের ভাই মোস্তফা জানান, তার ভাইকে কেন নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়টিও তাদের বোধগম্য নয়। থানায় মামলা দায়ের করেছেন এখন আইন-শৃঙ্খলা বাহিনী প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে। তবে আসামিদের বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে তিনি জানেন না বলে জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।