" />
AmaderBarisal.com Logo

ভোলায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, পরে বহিষ্কার


আমাদেরবরিশাল.কম

২৫ October ২০২৬ Sunday ১১:০৫:২২ PM

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে সদ্যঘোষিত উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে (২৬) ১৬৯ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করা হয়।

শরিফ চৌধুরী উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চৌরাস্তা মোড় এলাকার লালু মিয়ার ছেলে। লালমোহন উপজেলায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে শরিফ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন ফেসবুকে মন্তব্য করেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই নেয়নি এবং নিবে না। ছাত্রদলের সাংগঠনিক নিয়মনীতির বাহিরে কেউ যদি ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে কোনো প্রকার অনিয়ম অপকর্ম দুর্নীতি করে থাকে, তার দায়ভার সে নিজেই বহন করবে।

রোববার (২৫ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল জানান, লালমোহন উপজেলার ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, শরিফকে ১৬৯ পিস ইয়াবাসহ কোস্টগার্ড গ্রেপ্তার করে শনিবার রাতে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।