![]() ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই
২৭ October ২০২৬ Tuesday ১০:৫৮:৩৭ PM
নগর প্রতিনিধি: ![]() ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই সংযোজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বরিশালে অনুষ্ঠিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। আমিনুল হক বলেন, নতুন বইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, বাংলাদেশের খেলাধুলার ইতিহাসসহ বিভিন্ন ধরনের খেলাধুলা সম্পর্কে বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। নতুন প্রজন্মকে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার ও মাদকের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ খেলাধুলাপ্রেমী। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছে। প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসর আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের আসরে ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। খেলাধুলার প্রসারে মাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ১৩টি সিটি করপোরেশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে মাঠ নির্মাণ ও সংস্কারের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এলে সেগুলো যাচাই করে সংস্কার এবং আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার ও বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। উল্লেখ্য, ৪ অক্টোবর শুরু হওয়া ১৪টি দলের অংশগ্রহণে আয়োজিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘শের ই বাংলা ফুটবল একাদশ’। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

