![]() ভোলায় দুপুরে হাসপাতালে ভর্তি, রাতেই বিএনপি নেতার পদ স্থগিত
২৮ October ২০২৬ Wednesday ২:৪৬:০৫ PM
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার বোরহানউদ্দিনে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাচিয়া ইউনিয়ন বিএনপির (উত্তর) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজ হাওলাদারের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আজম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মফিজ হাওলাদারের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে। তাকে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে দল থেকে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে একই দিন দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে ভোলা হাসপাতালে চিকিৎসা নেন মফিজ হাওলাদার। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালে পাঠান বলে জানা গেছে। এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে তার পদ স্থগিতের চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। কাচিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি বাছেদ মাতব্বর মফিজ হাওলাদারের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তার দাবি, গত ৫ আগস্টের আগেও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের সঙ্গে মফিজের ঘনিষ্ঠতা ছিল এবং তিনি ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছেন। বাছেদ মাতব্বর আরও অভিযোগ করে বলেন, ১২ তারিখের নির্বাচনের পর মফিজ সাধারণ মানুষের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য পূর্ণ আচরণ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছেন। এ ছাড়া দুদিন আগে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা আলহাজ শেখ সাদী হাওলাদারকে নিয়ে মফিজ হাওলাদার গণমাধ্যমের সামনে অশালীন মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মো. মফিজ হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

