![]() গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা
২৮ October ২০২৬ Wednesday ৬:৫৮:৪৬ PM
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) পদ প্রায় দুই মাস ধরে শূন্য রয়েছে। এতে হাসপাতালের ১৬১ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা আটকে আছে। একই সঙ্গে বন্ধ রয়েছে হাসপাতালের বিভিন্ন আর্থিক কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল ফাতাহ মো. নাসেরকে ভারপ্রাপ্ত ইউএইচএফপিওর দায়িত্ব দেওয়া হয়। তবে তাকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। এদিকে গত ৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. শ্রী তরুণ কুমার পালকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তবে তিনি এখনো সেখানে যোগদান করেননি। ফলে হাসপাতালে চিকিৎসাসেবা চালু থাকলেও দাপ্তরিক ও আর্থিক কার্যক্রমে তৈরি হয়েছে অচলাবস্থা। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৫ জন চিকিৎসক, ৩৮ জন নার্সসহ মোট ১৬১ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা আটকে রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার আর্থিক ক্ষমতা না থাকায় তার স্বাক্ষরে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করা গেলেও বেতন-ভাতা ও অন্যান্য বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে হিন্দু সম্প্রদায়ের একাধিক কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্গাপূজার আগে বেতন ও বোনাস পাওয়ার আশা করেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাননি। এতে এবার তাদের পরিবারের সদস্যরা পূজার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, চলতি মাসের ১৮ তারিখ থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। কিন্তু ইউএইচএফপিও না থাকায় বেতন পুনর্নির্ধারণের কাজও করা যাচ্ছে না। বেতন-ভাতা ছাড়াও হাসপাতালের পথ্য সরবরাহ, ওষুধ কেনা, অ্যাম্বুলেন্সের জ্বালানি সংগ্রহসহ বিভিন্ন আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌকির আহমেদ বলেন, ভারপ্রাপ্ত ইউএইচএফপিওকে আর্থিক ক্ষমতা দেওয়া হয়নি। এ কারণে প্রায় দুই মাস ধরে কেউ বেতন তুলতে পারেননি। পাশাপাশি হাসপাতালের সব আর্থিক কার্যক্রম আটকে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে বরিশালের সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, নতুন ইউএইচএফপিও নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে আদেশ জারি হবে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, দ্রুত সময়ের মধ্যে যাতে নতুন ইউএইচএফপিও হাসপাতালে যোগদান করতে পারেন, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

