![]() মাছধরার ট্রলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে প্রাণ গেল জেলের
২৯ October ২০২৬ Thursday ৫:০৫:৪১ PM
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় পানির পাম্প ব্যবহার করে ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন ‘সীমা-৩’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. জয়নাল খলিফা।সে জীবিকার সন্ধানে তিন মাস আগে পাথরঘাটা এসে সাগরগামী ট্রলারে শ্রমিক হিসেবে যোগ দিয়ে ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটি ধোয়ার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তোলার ব্যবস্থা করা হয়েছিল। বিদ্যুত সংযোগ দেওয়া হয়ে ছিল খালপাড়ের একটি দোকান থেকে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একটি ট্রলারের সঙ্গে ঘর্ষণের ফলে বৈদ্যুতিক তারের সংযোগে বিভ্রাট দেখা দেয়।এতে পুরো ট্রলারটি বিদ্যুতায়িত হয়ে কয়েক জন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে দেলোয়ার খালের পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টার চেষ্টায় খালের পানিতে তল্লাশি চালিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন। পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।২২ দিনের অবরোধ শেষে মাছ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই জেলে। পাথরঘাটা থানার ওসি আব্দুল আলিম জানান, উদ্ধার মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

