" />
AmaderBarisal.com Logo

‘মানিক পশারী একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিলেন’


আমাদেরবরিশাল.কম

১ November ২০২৬ Sunday ৩:২৩:৪৯ PM

অনলাইন নিউজ ডেস্ক:

মানিক পশারী রাষ্ট্রীয় স্বীকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও মৃত্যুর পর তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিনিধিরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) ‘পিরোজপুর জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে এক প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন, মানিক পশারী প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা নিয়ে বিতর্কে না গিয়েও একটি বিষয় স্পষ্ট, তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একজন মুক্তিযোদ্ধা। এমন একজন ব্যক্তিকে মৃত্যুর পর গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একজন মুক্তিযোদ্ধাকে কেন গার্ড অব অনার দেওয়া হলো না, কেন তাকে যথাযথ মর্যাদায় দাফন করতে বাধা দেওয়া হলো এবং এর পেছনে কারা জড়িত? এসব প্রশ্নের জবাব চেয়ে তিনি দায়ীদের বিচারের দাবি জানান।

ওই মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, মানিক পশারী প্রকৃত মুক্তিযোদ্ধা নন, এমন অপপ্রচারের পেছনে জামায়াত নয়, বরং এনসিপির কিছু নেতাকর্মী এবং বিএনপির ভেতরে থাকা দুয়েকজন জড়িত। পরিকল্পিতভাবে তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে যারা সরকারি ভাতা ও সন্তানদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো বাধা দেওয়া হচ্ছে না। অথচ মানিক পশারীর মতো রাষ্ট্রীয় স্বীকৃত মুক্তিযোদ্ধাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে মানিক পশারীকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।