" />
AmaderBarisal.com Logo

মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

২ November ২০২৬ Monday ৩:৫৩:৫০ PM

ঝালকাঠি প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি কমান্ডের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সত্যবান সেনগুপ্ত। 

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। টুঙ্গিপাড়ায় আত্মগোপনে থাকা অবস্থায় চলতি বছরের গত ২৪ অক্টোবর তার মৃত্যু হয়।

পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে জামায়াত সমর্থিত কর্মীরা আপত্তি জানান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ লাইনে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরবর্তী সময়ে গভীর রাতে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। এ মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন মানিক পশারী।

পরে ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।