" />
AmaderBarisal.com Logo

কাজিরহাটে হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের শিশু উদ্ধার করল পুলিশ।


আমাদেরবরিশাল.কম

৩ November ২০২৬ Tuesday ৮:০৭:২৫ PM

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে তাফসিন আহমেদ আরিশ (৫) নামে এক শিশুকে উদ্ধার করেছে কাজিরহাট থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

মামলার বিবরণে জানা যায়, শিশুটির মা রেহানা আক্তার হেনা ঢাকার বিজ্ঞ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সন্তান উদ্ধারের আবেদন করেন। আদালতের মামলা নম্বর ২৭০/২৬ এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০০ ধারায় জারি করা সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ১৫ মে ২০২৬ তারিখে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকার ভাড়া বাসা থেকে শিশুটিকে নিয়ে তার মা বোনের বাসায় চলে যান।

পরে শিশুটির বাবা সেখানে গিয়ে ঘোরানোর কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে যান। এরপর শিশুটিকে আর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও সমাধান না পেয়ে আদালতের শরণাপন্ন হন শিশুটির মা। মামলায় আবুল মনসুর, কনা বেগম ও নুর আফজলের নাম উল্লেখ করা হয়েছে।

কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আদালতের সার্চ ওয়ারেন্টভুক্ত শিশুটি ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসায় রয়েছে। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কাজিরহাট থানায় নিয়ে আসে।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, শিশুটির মা ঢাকার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের মামলার সূত্র ধরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।