![]() রাঙ্গাবালীতে বিকাশের ৫০০ টাকা নিয়ে মাদ্রাসায় দুই শিক্ষকের মারামারি, আহত ১
৪ November ২০২৬ Wednesday ৪:৩৫:১৪ PM
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাত্র ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে একটি মাদ্রাসার দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে মো. আল-মামুন নামে এক শিক্ষক আহত হয়েছেন। তার চোখে আঘাত লেগে ফুলে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া নেছারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত আল-মামুন ওই মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। অপর শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক (আইসিটি)। পাশাপাশি তিনি বিকাশের ব্যবসাও পরিচালনা করেন। আল-মামুনের অভিযোগ, মিরাজ হোসেনের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তিনি ৫০০ টাকা নিয়েছিলেন। পরদিন মাদ্রাসায় গেলে মিরাজ তার কাছে ওই টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। মামুনের দাবি, মঙ্গলবার সকালে মাদ্রাসার অফিসকক্ষে অন্য শিক্ষকদের উপস্থিতিতে আবারও টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি অফিসকক্ষ থেকে বের হয়ে কম্পিউটার কক্ষে গেলে মিরাজও সেখানে যান। পরে ওই কক্ষেই দুজনের মধ্যে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। এতে তার চোখে আঘাত লাগে। অন্যদিকে, মিরাজ হোসেন বলেন, আল-মামুনের কাছে তার টাকা পাওনা রয়েছে। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। বিষয়টি ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। ঘটনার সময় মাদ্রাসার সুপার মো. আলিউল্লাহ প্রশিক্ষণের কাজে বরিশালে অবস্থান করছিলেন। তিনি জানান, ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণে থাকবেন। মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। তার ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত আর্থিক লেনদেন নিয়ে প্রথমে অফিসকক্ষে কথা-কাটাকাটি এবং পরে কম্পিউটার কক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, দুই শিক্ষকের মধ্যকার বিরোধটি মূলত ব্যক্তিগত আর্থিক লেনদেনসংক্রান্ত। তবে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। মাদ্রাসার সুপার প্রশিক্ষণ শেষে ফিরলে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, ঘটনাটি তিনি অবগত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

