" />
AmaderBarisal.com Logo

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি


আমাদেরবরিশাল.কম

৪ November ২০২৬ Wednesday ৬:১৫:০৩ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. তৈয়বুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থল স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে হবে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাঁকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

এ বিষয়ে বুধবার (৪ নভেম্বর) দুপুরে ভোলার সিভিল সার্জন মু. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. তৈয়বুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে ওএসডি করা হয়েছে, তা মন্ত্রণালয় বলতে পারবে। এটি মন্ত্রণালয়ের বিষয়। হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ডা. তৈয়বুর রহমান হাসপাতালটির তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি-অনিয়ম, বিশৃঙ্খলা, হাসপাতালের দালাল চক্রকে সহযোগিতা এবং টেন্ডার-বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তিনজনকে মারধরের অভিযোগ ওঠে হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও দালাল চক্রের বিরুদ্ধে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. তৈয়বুর রহমান বলেন, ‘আমি পরিস্থিতির শিকার।’ আগামী সপ্তাহে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলেও জানান তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।