" />
AmaderBarisal.com Logo

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির


আমাদেরবরিশাল.কম

৫ November ২০২৬ Thursday ৩:১২:৫২ PM

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। দীর্ঘ ৩৫ বছর জেলা আমিরের দায়িত্ব পালন করা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রব। এবার তিনি নতুন সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালনের পর অসুস্থতাজনিত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর মাওলানা আব্দুর রব ভারপ্রাপ্ত জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পরে গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। আর সেই ভোটের ফলাফল ঘোষণার মাধ্যমে আমির হয়েছেন তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।