" />
AmaderBarisal.com Logo

বরগুনায় রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পৌরসভার ট্রাকে আগুন


আমাদেরবরিশাল.কম

১০ November ২০২৬ Tuesday ১:৩০:৪৬ PM

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বিভিন্ন উপজেলায় রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ে তালা লাগানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ছাড়া বেতাগী পৌরসভার একটি ট্রাকে অগ্নিসংযোগ এবং কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানো হয়। একই সঙ্গে সেখানে পোস্টার ও চিরকুট সাঁটিয়ে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে তালা লাগানোর পাশাপাশি শেখ হাসিনার ছবি সংবলিত এবং বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম লেখা পোস্টার লাগানো হয়। এ ছাড়া পাথরঘাটা সরকারি কলেজ, কয়েকটি মাদ্রাসা, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা সদরের জিলা স্কুলের প্রধান ফটকেও তালা লাগানো হয়।

একই রাতে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়ক এবং কাকচিঁড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেতাগী পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান বলেন, তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। বর্তমানে কোথাও কোনো তালা নেই। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।