" />
AmaderBarisal.com Logo

জেলের জালে ২ কেজি ৩শ গ্রামের ইলিশ; বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়


আমাদেরবরিশাল.কম

১৩ November ২০২৬ Friday ৭:১১:২২ PM

কুয়াকাটা প্রতিনিধিঃ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির ইলিশটি ঘিরে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মাছটি আড়তে নিয়ে আসার পর নিলামে অংশ নিয়ে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ঘরামী ফিশ কুয়াকাটার স্বত্বাধিকারী জয়নাল ঘরামী। তিনি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত বুধবারও ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন জয়নাল ঘরামী। নিষেধাজ্ঞা শেষে পরপর বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে।

মাছ ধরা পড়া ট্রলারের জেলে নবী হোসেন বলেন, ‘আমরা প্রতিদিন সাগরে মাছ ধরতে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটিই আমাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি এমন একটি বড় মাছ পেয়ে ভালো দামও পেয়েছি। এ ধরনের মাছ পাওয়া গেলে জেলেরা আর্থিকভাবে লাভবান হন।’

মাছটির ক্রেতা জয়নাল ঘরামী বলেন, ‘সাগরে মাছের পরিমাণ তুলনামূলক কম। যা পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই ছোট ইলিশ। বড় আকৃতির ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫১০ টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। আশা করছি, ভালো দামেই বিক্রি করতে পারব।’

তবে বড় ইলিশের এমন চড়া দামে হতাশ সাধারণ ক্রেতারা। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় মাছ। বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান দামে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে ইলিশ এখন অনেকটা স্বপ্নের মতো। মাছটি কেনার ইচ্ছা ছিল, কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা নির্ধারণে দীর্ঘমেয়াদি গবেষণা এবং আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে এবং ইলিশের প্রজনন ও বৃদ্ধির স্বার্থে নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।