" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে বামরাইল বন্দর ব্যবসায়ীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী জিয়া আমিন রাড়ীর মতবিনিময়


আমাদেরবরিশাল.কম

১৪ November ২০২৬ Saturday ৪:২২:২৭ PM

নাজমুল হক মুন্না, উজিরপুর :

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় বামরাইল বন্দরে বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রাড়ীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়া আমিন রাড়ী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার। এ ছাড়া বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম রাড়ী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হাওলাদার, বামরাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজা ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল বেপারী। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিয়া আমিন রাড়ী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিগত সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তারা উল্লেখ করেন। বামরাইল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জিয়া আমিন রাড়ী বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং রাস্তাঘাটের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমান যুবসমাজের জন্য মাদক একটি বড় হুমকি। বামরাইল ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কাজ করবেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করে তিনি বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং পরিষদের সব সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।