![]() প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
১৪ November ২০২৬ Saturday ৮:৫৩:৫৪ PM
নগর প্রতিনিধি: ![]() বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক মিজানুর রহমানকে ঘিরে বরিশালে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ তুলে তাঁর অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে বরিশাল স্টেডিয়ামে মিজানুর রহমানের ব্যানার খুলে তাতে আগুন দেওয়া হয়। আজ শনিবার দুপুরে স্টেডিয়ামের প্রধান ফটকে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন একদল যুবক। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে বিসিবি থেকে মিজানুর রহমানের অপসারণ দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপি ও ছাত্রদলের নেতারা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে মিজানুর রহমান বলেন, ‘উই হ্যাভ আ প্ল্যান।’ তাঁর এই বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। এর পর থেকেই বরিশালে তাঁকে ঘিরে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করার কারণে মিজানুর রহমানকে বিসিবি থেকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তিনি মিজানকে আওয়ামী লীগের অর্থদাতা দাবি করে গ্রেপ্তারের দাবি জানান। ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সাকিব বলেন, মিজানুর রহমান প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করেছেন। এর প্রতিবাদেই তাঁরা কুশপুত্তলিকা দাহ করেছেন। তিনি আরও বলেন, মিজান বিসিবির পরিচালক পদে থাকা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে ৫ আগস্টের একটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা মিজান কীভাবে বিসিবির পরিচালক হলেন, তা তাঁদের প্রশ্ন। তাঁকে বিসিবি থেকে অপসারণ ও গ্রেপ্তারের পাশাপাশি যারা তাঁকে সহযোগিতা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে, মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাছনিম ফেসবুকে মিজানুর রহমানের গ্রেপ্তার দাবি করেছেন। জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিনও প্রশ্ন তুলেছেন, বিএনপি সরকারের শাসনামলে কীভাবে মিজান বিসিবির পরিচালক হলেন। তবে এসব অভিযোগ ও বিক্ষোভের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি জানি না। ব্যানার ছেঁড়ায় কী আসে যায়?’ প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। যেভাবে উত্থান মিজানুর রহমানের২০১২ সালে বরিশাল বিসিক শিল্পনগরীতে এক একর জমির ওপর টিনশেড ঘরে রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের যাত্রা শুরু হয়। বর্তমানে সেখানে ফরচুন গ্রুপের ছয়টি শিল্পকারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির দখলে রয়েছে ২৮টি প্লটের মোট ৬ একর ৮০ শতাংশ জমি। পরিবারের বিভিন্ন সদস্যের নামে এসব প্লট রয়েছে। ফরচুন সুজের প্রতিষ্ঠানের নামেই গড়ে ওঠে ক্রিকেট দল ফরচুন বরিশাল। এই দল ও ক্লাবের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিচিতি পান মিজানুর রহমান। বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে এভাবে ব্যঙ্গ করা মিজানের ঠিক হয়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই নেতা-কর্মীরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। তারিন আরও বলেন, ফরচুন বরিশাল দল ও ক্লাবের মাধ্যমেই মিজানের ক্রীড়াঙ্গনে উত্থান। তবে তিনি নিজে কখনো খেলাধুলা করেছেন বলে তাঁর জানা নেই। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

