" />
AmaderBarisal.com Logo

বামনায় কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার


আমাদেরবরিশাল.কম

১৬ November ২০২৬ Monday ৯:১৯:২৪ PM

বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলায় বেপরোয়া গতির টমটমের চাপায় আসমা বেগম (৩২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় তার কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে গেছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ক্লাশ শেষ করে কোলে শিশুসন্তান নিয়ে কলেজসংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আসমা বেগম। এ সময় ইট-বালু বহনকারী (স্থানীয়ভাবে ডায়া নামে পরিচিত) একটি টমটম বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে টমটমের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোলে থাকা শিশুটি অক্ষত রয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও বাজারসংলগ্ন এই জনবহুল সড়কে দীর্ঘদিন ধরে ইট-বালু বহনকারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করলেও গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন খান বলেন, সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালককে স্থানীয় জনতা আটক করে রেখেছিল; তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।