" />
AmaderBarisal.com Logo

পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩


আমাদেরবরিশাল.কম

১৭ November ২০২৬ Tuesday ৩:২৭:৪১ PM

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ট্রলার মালিক দুলাল মিয়া, আলম খান ও মিস্ত্রী বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

স্থানীয় আবুল কালাম জানান, ট্রলারটি পাথরঘাটার বিষখালি ও বলেশ্বর বারানি খালের মাছেরখাল এলাকায় নোঙর করা অবস্থায় রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিন রুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দগ্ধদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, ট্রলারটি আজ রাতে সাগরে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারের ওপরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।