" />
AmaderBarisal.com Logo

বরিশালে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদ হারালেন যুবদল নেতা রুবেল


আমাদেরবরিশাল.কম

১৮ November ২০২৬ Wednesday ১২:৩৪:৫৫ PM

নিজস্ব প্রতিনিধি:

কমিটি প্রত্যাখ্যান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারিয়েছেন নবগঠিত বরিশাল মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম রুবেল। কমিটি ঘোষণার প্রায় এক ঘণ্টার মাথায় তাকে বাদ দিয়ে নতুন কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল মহানগর, বরিশাল জেলা (উত্তর ও দক্ষিণ) যুবদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। যেখানে অন্য পদ ঠিক থাকলেও যুগ্ম সাধারণ সম্পাদক পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনিকে।

এর মধ্যে রিয়াজুর রহামন রিয়াজকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মুশফিক রহমান অভিকে।

কমিটি ঘোষণার পর পরই মহানগর যুবদলের কমিটিকে প্রশ্নবিদ্ধ এবং প্রত্যাখ্যান করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল।

ওই পোস্টে তিনি লেখেন, ‘বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজুর রহমান রিয়াজকে বরিশাল মহানগর যুবদলের সভাপতি করায় আমরা ব্যথিত। এই কমিটি আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করছি। এই কমিটি আমি মানি না।’

তিনি লেখেন, ‘দলের সিদ্ধান্ত এক নেতার এক পদ। তাহলে এখানে সে নিয়মের ব্যত্যয় হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে আমি প্রশ্ন রাখলাম। বিএনপির পদধারী লোক যুবদলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে কিনা।’

পদ হারানো অহিদুল ইসলাম রুবেল বলেন, ‘আমি শুধু অনিয়মের প্রতিবাদ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরেই দেখি মহানগর যুবদলের নতুন কমিটি দিয়েছে। যেখানে আমাকে বাদ দিয়ে রেজাউল করিম রনির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

রুবেল বলেন, ‘২০১৮ সালে গঠন হওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ছিলাম। তাছাড়া বিএম কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলাম। বয়সের সীমাবদ্ধতার কারণে ওই সময় ছাত্রদলের পদ পাইনি। তার পরও অগ্রভাগে থেকেই বিএনপির রাজনীতি করেছি আর বঞ্চিত হিসেবেই যুবদলে পদ দেওয়া হয়েছিল। আমি এখন পদ ফিরে পাওয়ার জন্য ন্যূনতম চেষ্টা করছি না। যেটা সত্য সেটাই আমি তুলে ধরেছি।’

নবগঠিত মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, ‘মহানগর কমিটি ঘোষণার পর কেন আবার সংশোধ করা হয়েছে সেটা কেন্দ্র ভালো জানে। আমি বিষয়টি অবগত নই।’

বিএনপি থেকে যুবদলে পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এই নিয়মটা যে আমার বেলায় চালু হয়েছে তেমনটা নয়। এটি পুরানো রেওয়াজ। ঢাকায় হওয়া কমিটিতেও এমন ঘটনা রয়েছে। দলে যখন যাকে, যেখানে প্রয়োজন সেখানে দায়িত্ব দেবে। এটা সম্পূর্ণ দলের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। গত ১৭ বছর যেখানে অনেক নেতা বিএনপির নাম নিতেও সাহস পায়নি তখনও আমি জিয়াউর রহমানের আদর্শ, ব্যানার নিয়ে রাস্তা আন্দোলন সংগ্রাম করেছি। কারোর ভালো কেউ দেখতে পারে না। এ কারণেই এখন আমাকে সমালোচনা করছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।