" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫


আমাদেরবরিশাল.কম

১৯ November ২০২৬ Thursday ৫:১৩:২৭ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জিরো পয়েন্টের তুর্য ফিলিং স্টেশনের সামনে গ্রিনভিউ পরিবহন ও আবির আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুমন (২৫) বরগুনা জেলার বাসিন্দা। তিনি গ্রিনভিউ পরিবহনের হেলপার ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহাসড়ক পুলিশ দুমকি ক্যাম্পের ইনচার্জ জয়ন্ত দাস জানান, আবির আবদুল্লাহ পরিবহনের বাসটি কুয়াকাটার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রিনভিউ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গ্রিনভিউ বাসের হেলপার সুমন নিহত হন।

দুর্ঘটনায় আহত শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন যাত্রী জাফর মিয়া জানান, হঠাৎ বিকট শব্দে বাস দুটি একে অপরের সঙ্গে সংঘর্ষে হয়। মুহূর্তেই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অনেকেই আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

প্রত্যক্ষদর্শী রিয়াজ মল্লিক জানান, তুর্য ফিলিং স্টেশনের সামনে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে এসে দুটি বাস দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।

মহাসড়ক পুলিশ দুমকি ক্যাম্পের ইনচার্জ জয়ন্ত দাস আরও জানান, নিহত সুমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।