![]() বরগুনায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
১৯ November ২০২৬ Thursday ৭:৫০:০১ PM
আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০, পাথরঘাটা থেকে ছয়, বামনা থেকে একজন এবং সদর উপজেলার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনায় নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. কামরুজ্জামান। গ্রেপ্তারদের মধ্যে আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ছয়জন, বামনা থেকে একজন এবং বরগুনা সদর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরে মশাল মিছিল, জেলার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর নাশকতা প্রতিরোধে বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছেন। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পৌর শহরের মাছ বাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে জনমনে আতঙ্ক ও ভোগান্তি সৃষ্টি করায় স্থানীয় লোকজন কয়েকজনকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসেন। পরে নাশকতার ঘটনা আশঙ্কায় নিষিদ্ধ সংগঠনের আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

