" />
AmaderBarisal.com Logo

মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


আমাদেরবরিশাল.কম

২২ November ২০২৬ Sunday ৯:০২:৪৪ PM

মুলাদী ((বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী বলেন, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।