" />
AmaderBarisal.com Logo

দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো তা হবে না:জহির উদ্দিন স্বপন


আমাদেরবরিশাল.কম

২২ November ২০২৬ Sunday ৯:১৪:২৮ PM

আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

দলের ভেতরে কোনো ধরনের বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো—তা হবে না। এদের চিনে রাখুন।’

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি এসব কথা বলেন।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পাহাড়সমান দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং কোটি কোটি জনগণ রাস্তায় নেমে আন্দোলন করেছিল। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে এখন কোনো বিভেদ করা যাবে না। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা আমাদের সঙ্গে মিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা তা সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছিল; কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

বর্ধিত সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দল নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস প্রমুখ। এছাড়া সভায় উপজেলার বিএনপি নেতাসহ পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।