" />
AmaderBarisal.com Logo

প্রধানমন্ত্রীর ‘ঘনিষ্ঠজন পরিচয়ে’ ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৩


আমাদেরবরিশাল.কম

২৩ November ২০২৬ Monday ৬:২৬:৫৬ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার আসপদ্দি গ্রামের একই পরিবারের আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা। তবে এ ঘটনার মূল হোতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে প্রতারক চক্রের খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করে চক্রটির তিন সহযোগীকে আটক করে কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে চক্রের মূল হোতারা উধাও হয়ে গেছেন। প্রতারক চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে, যিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে চক্রটি স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছিল।সেই আস্থাকে পুঁজি করে পরবর্তীতে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৫ লাখ টাকার বেশি হাতিয়ে নেয় চক্রটি। তবে মূল হোতার প্রধান সহযোগী ফাহিমা ঘটনার একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, ফ্যামিলি কার্ডের জন্য ৩৪ জন, বিভিন্ন মালামালের জন্য ৩৭ এবং নতুন ঘর ও টিউবওয়েলের জন্য ১২ জন টাকা দিয়েছিলেন।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, প্রতারক চক্রকে ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে মূলহোতা পালিয়েছে।দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীদের বক্তব্য শোনা হয়েছে। 

এ ঘটনায় প্রতারণার অভিযোগে ৭ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।