" />
AmaderBarisal.com Logo

অগ্রহায়ণের পূর্ণিমায় রাস উৎসবে মাতোয়ারা কুয়াকাটা সৈকত


আমাদেরবরিশাল.কম

২৩ November ২০২৬ Monday ৬:৩৭:৩৪ PM

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

Screenshot

প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও মেলাকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। সোমবার সন্ধ্যায় শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এ আয়োজন।

উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থী ও পর্যটকরা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সৈকতজুড়ে এখন উৎসবের আমেজ। প্রতি বছর অগ্রহায়ণের পূর্ণিমায় শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে পালিত হয় রাস উৎসব। সময়ের পরিক্রমায় ধর্মীয় এ আয়োজন রূপ নিয়েছে সার্বজনীন মিলনমেলায়। পূজা-অর্চনা, পুণ্যস্নান আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয় উৎসবটি। রাস মেলাকে ঘিরে কুয়াকাটার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সাজানো হয়েছে মন্দির ও পূজামণ্ডপ। কারিগরদের নিপুণ হাতে তৈরি ও সাজিয়ে তোলা হয়েছে ১৭ জোড়া যুগল প্রতিমা।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মণ্ডল বলেন, রাস পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মীয় রীতি মেনে সন্ধ্যায় অধিবাস ও প্রার্থনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ভক্তদের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।

রাস উৎসব ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরেছে। পুণ্যার্থী ও পর্যটকদের আগমনে সৈকত এলাকায় বাড়ছে মানুষের আনাগোনা। মেলাকে কেন্দ্র করে দোকানপাট ও অস্থায়ী স্টল সাজিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। বাড়তি বিক্রির আশায় দিন গুনছেন তারা।

স্থানীয় এক ব্যবসায়ী বলছেন, রাস মেলা উপলক্ষে প্রতিবছর প্রচুর মানুষের সমাগম হয়। এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেছেন। এতে ব্যবসা ভালো হওয়ার আশা করছেন তারা।

দুই দিনব্যাপী উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। বিপুলসংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। সৈকতে নজরদারি, শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, রাস উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, উৎসব উপলক্ষে সৈকত এলাকায় বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

সোমবার সন্ধ্যায় অধিবাস ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে পুণ্যস্নান। এর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী রাসলীলা উৎসব। কুয়াকাটার পাশাপাশি সুন্দরবনের দুবলার চরেও পালিত হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।