![]() মনপুরায় ৬০০ জনের বরাদ্দে টিসিবির পণ্য পেয়েছেন ৩০-৪০ জন, বঞ্চিতদের বিক্ষোভ
২৪ November ২০২৬ Tuesday ৭:০৩:২৭ PM
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে টিসিবির ডিলার হিসেবে অন্য ইউনিয়নের বাসিন্দাকে নিয়োগ দেওয়ায় শুরু থেকেই অসন্তোষ রয়েছে। তাঁরা দ্রুত ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দাকে ডিলার নিয়োগের দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি, গতকাল সোমবার ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনের মধ্যে পণ্য বিতরণ করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেওয়া হয়। এতে সাড়ে পাঁচ শতাধিক উপকারভোগী পণ্য পাওয়া থেকে বঞ্চিত হন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীকে খালি হাতে ফিরতে হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তবে অভিযোগ অস্বীকার করে বিতরণের দায়িত্বে থাকা নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা সমস্যা হয়েছে। জটিলতা নিরসন হলে আবারও পণ্য বিতরণ করা হবে। নিজাম উদ্দিন আরও বলেন, সরকারি নিয়ম মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে তিনি জড়িত নন। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যে বরাদ্দের সব পণ্য বিতরণ করা হবে। পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার অভিযোগও সঠিক নয়। এ বিষয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

