" />
AmaderBarisal.com Logo

ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ, সিসিটিভিতে মুখোশধারী ৩ ব্যক্তি


আমাদেরবরিশাল.কম

২৪ November ২০২৬ Tuesday ৭:১৮:০১ PM

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। সিসিটিভি ক্যামেরায় মুখোশধারী তিন ব্যক্তির উপস্থিতি ধরা পড়লেও দ্রুত সটকে পড়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সিসিটিভি ক্যামেরায় তিন ব্যক্তির গতিবিধি রেকর্ড হয়। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। বিস্ফোরণ ঘটানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন তারা। মুখ ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বলেন, বিস্ফোরণের ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বোরহানউদ্দিনের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীল হাওলাদার অভিযোগ করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। বোরহানউদ্দিনের শান্ত পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতব্বর ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বলেন, গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা সচেষ্ট রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে পটকা বা চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।