![]() সফল প্রতিস্থাপন, স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
২৫ November ২০২৬ Wednesday ২:২০:২২ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ![]() প্রধান শিক্ষিকা স্ত্রী মন্দিরা রানী পালের কিডনী দানে নতুন জীবন ফিরে পেয়েছেন সহকারী শিক্ষক সুদাম পাল। বরিশালের গৌরনদী উপজেলার এ শিক্ষক দম্পতির ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল। তিনি আরও জানিয়েছেন-২৪ নভেম্বর ভারতের সময় সকাল দশটা থেকে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা অস্ত্রোপচার শেষে ওইদিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে সার্জারি সম্পন্ন করেছেন। স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এই ঘটনা পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি করেছে। পাশাপাশি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সফল হওয়ায় উভয় পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। সূত্রমতে, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত গ্রহন করেন। শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানিয়েছেন, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত গ্রহন করেন স্ত্রী মন্দিরা রানী পাল। স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’ তিনি আরো জানিয়েছেন, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

