![]() উজিরপুরে ফার্মেসির ছড়াছড়ি, ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে ওষুধ
২৫ November ২০২৬ Wednesday ৩:৩৫:২৭ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() বরিশালের উজিরপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ওষুধের দোকান বা ফার্মেসি। এসব দোকানের অনেকগুলোর প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ আছে, কিছু দোকানে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ। রোগীর অসুস্থতার কথা শুনেই ওষুধের নাম ও মাত্রা নির্ধারণ করে দিচ্ছেন বিক্রেতারা। এতে ভুল ওষুধ সেবন, পার্শ্বপ্রতিক্রিয়া ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাটবাজারে অসংখ্য ফার্মেসি গড়ে উঠেছে। বিশেষ করে শোলক, হারতা, বামরাইল, ওটরা ও সাতলা ইউনিয়নের বাজারগুলোতে রয়েছে অনেক ওষুধের দোকান। স্থানীয়দের অভিযোগ, এসব দোকানের কিছুতে রোগীর অসুস্থতার কথা শুনেই একাধিক ওষুধ দেওয়া হচ্ছে। জ্বর, সর্দি, কাশি কিংবা পেটব্যথার কথা জানালে রোগের কারণ নির্ণয় ছাড়াই ওষুধ ধরিয়ে দেওয়া হয়। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি করা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অভিযোগ আছে, ফার্মেসি পরিচালনার প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মনীতি অনুসরণের বদলে অনেকে অন্য দোকানে কিছুদিন কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে ওষুধের ব্যবসা শুরু করছেন। ওষুধের সঠিক ব্যবহার, মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সংরক্ষণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন কিংবা নির্ধারিত মাত্রা ও সময় অনুসরণ না করা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এতে জীবাণু ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করতে পারে। ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও একসময় জটিল হয়ে পড়ার আশঙ্কা থাকে। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক সেবন শুরু করা, ভুল মাত্রায় খাওয়া কিংবা চিকিৎসকের নির্দেশনা ছাড়া মাঝপথে বন্ধ করে দেওয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগও আছে। উপজেলার বাজারগুলোতে ফার্মেসির সংখ্যা বাড়লেও সেগুলোর লাইসেন্স, ফার্মাসিস্টের যোগ্যতা, ওষুধ সংরক্ষণের পরিবেশ ও বিক্রির নিয়ম যথাযথভাবে তদারক করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাদের দাবি, অনুমোদনহীন ফার্মেসি চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হোক। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম আক্তার জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ সেবন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ফার্মেসিতে রোগীর লক্ষণ শুনে ওষুধ দেওয়া উচিত নয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত মাত্রা অনুসরণ করা জরুরি। অন্যথায় রোগীর শারীরিক জটিলতা বাড়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি তৈরি হতে পারে। জেলা সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান জানিয়েছেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, অনিয়মিতভাবে ওষুধ বিক্রি কিংবা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু জানিয়েছেন, লাইসেন্সবিহীন ওষুধের দোকান পরিচালনা এবং ওষুধ বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

