![]() দশমিনা পরিসংখ্যান কার্যালয়: ভুয়া বিল-ভাউচারে সরকারি বরাদ্দের টাকা নয়ছয়!
২৬ November ২০২৬ Thursday ৫:৪৭:০১ PM
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেট বরাদ্দের টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন খাতের বরাদ্দ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে কার্যালয়টির সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী কেনা, কম্পিউটার মেরামত, মনিহারি পণ্য, অনুষ্ঠান ও উৎসবসহ বিভিন্ন খাতে বরাদ্দ করা সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করেন মনিরুল হক। এর আগে নৌযান শুমারির কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবারের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে গত ১৮ অক্টোবর তাকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ছেড়ে যাওয়ার পর বরাদ্দের অর্থ আত্মসাতের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কার্যালয় সূত্র জানায়, অফিস পরিচালনার জন্য চলতি অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থ বিভাগ থেকে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর থেকে মনিরুল হক সরকারি কোষাগার থেকে মনিহারি খাতে ৩০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী কেনার জন্য ১৮ হাজার টাকা, অনুষ্ঠান ও উৎসব খাতে ১৪ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার টাকা, কম্পিউটার মেরামতে ৪ হাজার টাকা, আসবাবপত্র মেরামতে ৩ হাজার টাকা এবং বইপত্র খাতে ১ হাজার ৭০০ টাকা উত্তোলন করেন। অনুসন্ধানে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি উপজেলায় পরিসংখ্যান দিবসও পালন করা হয়নি। এরপরও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হয়। অন্যদিকে, কার্যালয়টির প্রায় ২৯ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৮ হাজার টাকা বকেয়া ছিল। মনিরুল হক কর্মস্থল ত্যাগের সময়ও ওই বিল পরিশোধ করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হলেও এখনো ২ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মনিহারি খাতের ৩০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী কেনার জন্য ১৮ হাজার টাকা এবং কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার টাকাসহ বিভিন্ন খাতের অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের তিনি। সরকারি বরাদ্দের অর্থের প্রকৃত ব্যয় ও বিল-ভাউচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মনিরুল হক অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোনো অর্থ আত্মসাৎ করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে গিয়েছিল। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি। এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নাজমুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখব। আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

