" />
AmaderBarisal.com Logo

রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী


আমাদেরবরিশাল.কম

২৯ November ২০২৬ Sunday ৩:৪২:১১ PM

আওয়ামী লীগের ডাকা দুই দিনব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। ২৯ নভেম্বর গভীর রাত আড়াইটা থেকে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টেকেরহাটে এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

রোববার ভোররাত থেকে অবরোধকারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং বড় বড় গাছের ডাল ও কাঠ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

অবরোধ চলাকালে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রয়াত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়। টেকেরহাট বন্দরের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের হাতে লাঠি, কাঠ ও সড়ক অবরোধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দেখা যায়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। রাতের শুরুতে পুলিশ নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল হক অবরোধকারীদের উদ্দেশে বলেন, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা যাবে না। এসব স্থাপনা জনগণের সম্পদ, তা রক্ষা করা সবার দায়িত্ব।

টেকেরহাট বন্দর গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় রাজৈর উপজেলার পাশাপাশি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেকেরহাট বন্দরে অবরোধকারীদের অবস্থান অব্যাহত ছিল। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ চলছিল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।