" />
AmaderBarisal.com Logo

বিচারকের হাত থেকে নথি ছিনিয়ে নিলো যুবলীগ নেতা!


আমাদেরবরিশাল.কম

২৮ March ২০১৩ Thursday ১০:৫২:৩১ PM

nizamul-islam-nizam-barisal নিজামুল ইসলাম নিজাম - ফাইল ফটোসাইফ আমীন :: বরিশাল সহকারী ভূমি আদালতের বিচারকের হাত থেকে মামলার নথিপত্র ছিনিয়ে নিলেন বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। ২৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে বরিশাল জোনাল সেটেলমেন্ট কার্যালয়ে জমির বিবাদ নিয়ে শুনানি চলাকালে এজলাসে উঠে ভূমি আদালতের বিচারক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা রনজিত কুমার খাসকেলের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর ফকিরবাড়ী রোড এলাকার সাড়ে ১২ শতাংশ জমি সত্যায়িত করার (এটাসটেশন) জন্য আদালতে আবেদন করেন ৪৫ বছর ধরে ঔ জমির ভোগদখলকারী মানিক মিয়ার স্ত্রী জাকিয়া সুলতানা। এ সত্যায়িতের বিরুদ্ধে আপত্তি করেন একই এলাকার আবদুর রশীদ ও বারেকি। ২৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ আপত্তির শুনানি চলাকালে রশীদ ও বারেকির পক্ষ নিয়ে এজলাশে উঠে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম বিচারকের হাত থেকে মামলার নথিপত্র ছিনিয়ে নেয়।

আদালতে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ নেতা নিজাম তার সহযোগীদের নিয়ে এজলাসে ঢুকে হুঙ্কার দিয়ে বিচারককে বলেন “আগে আমি কাগজপত্র দেখব-তারপর শুনানি হবে।” আর এরপরই যুবলীগের আহ্বায়ক নিজাম বিচারকের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যান।

এ ব্যাপারে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা রনজিত কুমার খাসকেল আমাদের বরিশাল ডটকমকে জানান, ‘একটি বিচারাধীন মামলায় নগরীর বগুড়া-আলেকান্দা মৌজার ফকিরবাড়ী রোড এলাকার জমির পর্চার (খতিয়ানের) সত্যায়িত চলছিল। এসময় আকস্মিকভাবে বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও তার সহযোগীরা এজলাসে প্রবেশ করে নথিপত্র (দলিল) ছিনিয়ে নিয়ে চলে যায়। কিছুক্ষন পর লোকজনের মাধ্যমে তিনি (নিজাম) নথির ছায়াকপি (ফটোকপি) ফেরত পাঠালেও মূল নথি তার নিজের কাছে রেখে দেন।’

মূল নথি নেয়ার কোন বিধান নেই জানিয়ে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী নথিপত্র নিতে হলে সই মহোরী নকলের আবেদন করতে হয়।’ নথির মূল কপি ফিরিয়ে না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রনজিত কুমার খাসকেল।

এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।