" />
AmaderBarisal.com Logo

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ‘ছাত্রদল’


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০১৩ Tuesday ১২:৪৫:০৭ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপিডেস্ক রিপোর্ট :: পাবনায় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৪ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ হামলা হয়। পরে পুলিশ গিয়ে আগুন নেভায় বলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নিশ্চিত করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রানা বিশ্বাস বলেন, সম্প্রতি পাবনা পৌর ছাত্রদলের কমিটি অনুমোদন করার পর ‘পদবঞ্চিত কয়েকজন ত্যাগী ছাত্রদল কর্মী’ এ ঘটনা ঘটান। এ সময় ওই ছাত্রদল নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয় ভাংচুর এবং সব বিলবোর্ড একত্রিত করে আগুন দেন। এরপর ওই কার্যালয়ে তালা দিয়ে চলে যান।

জেলা যুবদল সভাপতি শেখ তুহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু যুবক পার্টি অফিসে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে এবং তালা লাগিয়ে দিয়েছে বলে তিনি শুনেছেন। যারা এ ধরনের কাজ করেছে তারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক নয় বলে দাবি করেন তিনি।

পদ বঞ্চিত কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন, তাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে পৌর ছাত্রদলে নতুন মুখকে স্থান দেয়া হয়েছে। এ কারণেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ কাজ করেছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সুইটের মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়। এ ব্যাপারে দলের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।